ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
365 D News

আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারের বিরুদ্ধে ফিফার শৃঙ্খলাজনিত তদন্ত শুরু

২০২৬ বিশ্বকাপ ফাইনাল শেষে সংঘর্ষ এবং ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর রাজনৈতিক বার্তাসংবলিত ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে শৃঙ্খলাজনিত কার্যক্রম শুরু করেছে ফিফা।ফিফার শৃঙ্খলা কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, স্পেনের বিপক্ষে ফাইনাল শেষে সংঘর্ষের ঘটনায় নাহুয়েল মোলিনা, লিয়ান্দ্রো পারেদেস এবং সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধে ‘আক্রমণাত্মক আচরণ’-এর অভিযোগ তদন্ত করা হচ্ছে। একই ঘটনায় মোলিনা, থিয়াগো আলমাদা এবং স্পেনের গাভির বিরুদ্ধে ‘অখেলোয়াড়সুলভ আচরণ’-এর অভিযোগও পর্যালোচনায় রয়েছে।এদিকে, ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল জয়ের পর ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ (ফকল্যান্ড আর্জেন্টিনার) লেখা ব্যানার প্রদর্শনের ঘটনায় এএফএর বিরুদ্ধেও পৃথক শৃঙ্খলাজনিত তদন্ত শুরু হয়েছে। ফিফার মতে, রাজনৈতিক বার্তা প্রদর্শন, দলীয় অসদাচরণ, বৈষম্যমূলক আচরণ, নিরাপত্তা বিধি লঙ্ঘন এবং দর্শকদের কিছু আচরণ শৃঙ্খলা বিধির একাধিক ধারা লঙ্ঘনের আওতায় পড়তে পারে।আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ব্যানার হাতে দেখা যাওয়া ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ এবং জিওভানি লো সেলসোকেও তদন্তের আওতায় আনা হতে পারে। তবে এ বিষয়ে ফিফা আনুষ্ঠানিকভাবে কোনো নাম প্রকাশ করেনি।ফিফা জানিয়েছে, অভিযুক্ত সবাইকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। তদন্ত শেষে শৃঙ্খলা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। শাস্তি হিসেবে জরিমানা, নির্দিষ্টসংখ্যক ম্যাচে নিষেধাজ্ঞা বা অন্য কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে এখন পর্যন্ত কোনো শাস্তি ঘোষণা করা হয়নি।

আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারের বিরুদ্ধে ফিফার শৃঙ্খলাজনিত তদন্ত শুরু