ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
365 D News

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ঘরের চাবি দিবেন- প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল রোববার চট্টগ্রাম সফর করবেন। সফরে তিনি বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী যাবেন। তাঁর সফর ঘিরে তিন উপজেলায় নেওয়া হয়েছে নানা কর্মসূচি এবং জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলবেন তারেক রহমান। এ সময় গৃহহীন হয়ে পড়া ১০০ পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়ার কথা রয়েছে।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাঁশখালী পৌরসভা ও উপজেলার নয়টি ইউনিয়ন থেকে ১০টি করে মোট ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘরের জন্য নির্বাচন করা হয়েছে। সরকারি অর্থায়নে নির্মাণ করা এসব ঘরে দুর্যোগ সহনশীলতার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। ঘরগুলোতে আরসিসি পিলার, কাঠ ও টিন ব্যবহার করা হয়েছে।প্রতিটি ঘরের দৈর্ঘ্য ১৮ ফুট ও প্রস্থ ১২ ফুট। এতে দুটি কক্ষের পাশাপাশি ৫ ফুট বাই ৫ ফুটের একটি সংযুক্ত শৌচাগার রয়েছে।বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী বলেন, বন্যায় ঘরবাড়ি হারানো এবং নতুন করে ঘর নির্মাণের সামর্থ্য নেই—এমন পরিবারগুলোকেই নতুন ঘর দেওয়া হচ্ছে।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী রোববার চট্টগ্রামের তিনটি উপজেলা সফর করবেন। বাঁশখালীতে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন। স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ঘরগুলোর নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে।প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বাঁশখালীর বাহারছড়া সমুদ্রসৈকত-সংলগ্ন অনুষ্ঠানস্থল ও নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি মঞ্চ, প্যান্ডেল, নিরাপত্তাব্যবস্থা ও অতিথিদের বসার স্থানসহ সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন।চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, প্রধানমন্ত্রীর মাধ্যমে বাঁশখালীর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে প্রয়োজনীয় সহযোগিতা পায়, সে উদ্যোগ অব্যাহত থাকবে।ফটিকছড়িতে বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎচট্টগ্রাম সফরের অংশ হিসেবে তারেক রহমান ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় যাবেন। সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।এ ছাড়া সফরকালে চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনের কথা রয়েছে তাঁর।আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর দৌহিত্র মাওলানা আজিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ফটিকছড়ির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।হাটহাজারীতে সমাবেশরোববার বিকেলে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। এ উপলক্ষে হাটহাজারীজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।সফর উপলক্ষে হাটহাজারীর বিভিন্ন এলাকা সাজানো হয়েছে। সমাবেশস্থলে মঞ্চ নির্মাণ, আসন বিন্যাস এবং প্রবেশ ও বের হওয়ার পথের কাজও চলছে।পার্বত্য চট্টগ্রামবিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন শুক্রবার বিকেলে ডাকবাংলো ও সমাবেশস্থল পরিদর্শন করে প্রস্তুতির খোঁজ নেন।ফটিকছড়ি থেকে সড়কপথে হাটহাজারীতে যাওয়ার পথে তারেক রহমান আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় যাবেন। মাদরাসাসংলগ্ন কবরস্থানে হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করার কথা রয়েছে।হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ জানান, সফরকে কেন্দ্র করে নিয়মিত নিরাপত্তার পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ঘরের চাবি দিবেন- প্রধানমন্ত্রী