ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
365 D News

ডেঙ্গু প্রতিরোধে নরসিংদীতে পরিচ্ছন্নতা অভিযান, লিফলেট বিতরণ

নরসিংদীতে ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বাড়াতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জেলা প্রশাসন। বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং নরসিংদী পৌরসভার সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।কর্মসূচিতে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। সরকারি-বেসরকারি অফিস, বাসাবাড়ি ও আশপাশের আঙিনায় কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে নিয়মিত নজর রাখতে হবে।তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসম্পৃক্ততা বাড়াতে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এ কারণে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।কর্মসূচিতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক, কর্মকর্তা-কর্মচারী, নরসিংদী পৌরসভার প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ডেঙ্গু প্রতিরোধ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে পুরো জেলায় এ ধরনের সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে।

ডেঙ্গু প্রতিরোধে নরসিংদীতে পরিচ্ছন্নতা অভিযান, লিফলেট বিতরণ