ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
365 D News

উত্তাল সাগরে ডুবল ‘এফবি বরকত’, নিখোঁজ ৫ জেলে

বৈরী আবহাওয়ার মধ্যে উত্তাল বঙ্গোপসাগরে ডুবে গেছে বরগুনার পাথরঘাটার মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’। ট্রলারটিতে থাকা ১৩ জেলের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে পাঁচজনের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।সোমবার বিকেলে কুয়াকাটা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে গভীর সাগরে দুর্ঘটনাটি ঘটে। ট্রলারটির মালিক পাথরঘাটার আশরাফ কোম্পানি। নিখোঁজ ও উদ্ধার হওয়া সব জেলেই পাথরঘাটা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।নিখোঁজ পাঁচজন হলেন নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)।উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লার ভাষ্য, দুর্ঘটনার সময় সাগরে প্রচণ্ড ঝড়ো হাওয়া ও ঢেউ ছিল। জাল ফেলার প্রস্তুতির সময় কয়েকজন জেলে ট্রলারের ব্রিজের ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বড় একটি ঢেউ ট্রলারে আঘাত করলে সেটি উল্টে যায়। ব্রিজে আটকে পড়া এক জেলে প্রায় ২০ মিনিট পর বের হতে পারেন।ইউনুস মোল্লা বলেন, ট্রলার ডুবে যাওয়ার পর আটজন প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে ছিলেন। পরে কাছ দিয়ে যাওয়া একটি মাছ ধরার ট্রলার তাঁদের উদ্ধার করে। কিন্তু পাঁচজন জেলের কোনো খোঁজ পাওয়া যায়নি।জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ‘এফবি বরকত’ দুই দিন আগে মাছ ধরার জন্য পাথরঘাটা থেকে গভীর সাগরে যায়। সোমবার খারাপ আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের মধ্যে পড়ে সেটি ডুবে যায়।নিখোঁজ জেলেদের উদ্ধারে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে একটি ট্রলার সাগরে পাঠানো হয়েছে বলে জানান তিনি। উদ্ধার অভিযান চলছে।

উত্তাল সাগরে ডুবল ‘এফবি বরকত’, নিখোঁজ ৫ জেলে